তামিমকে ভারতীয় ক্রিকেট বোর্ড সহ-সভাপতির অভিনন্দন
নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
তামিম বিসিবি দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অভিনন্দন জানিয়ে শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন।
একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জল করবে।’
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আরও আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এই অ্যাডহক কমিটিকে।
