সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।

প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি করা হয়।

এর আগে, গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সংসদের সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটে। যার ফলে দীর্ঘ সময় সংসদের অধিবেশন বন্ধ রাখা হয়।

পরে বিকল্প সাউন্ড সিস্টেমে সংসদের অধিবেশন চালিয়ে নেয়া হলেও এখনও সাউন্ড সিস্টেমে সমস্যা রয়ে গেছে।

এই ঘটনাটি নাশকতা কি-না তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট এ্যাট আর্মসকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে ঘটনা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে রিপোর্ট দিতে আরও দুই দিন সময় বৃদ্ধি করে ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে হাজার হাজার ছাত্রজনতা সংসদ ভবনে ডুকে পরে ভাঙচুর ও লুটপাট চালায়। যাতে সংসদের প্লেনারি হলের সাউন্ড সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

সাউন্ড সিস্টেম সংস্কারের জন্য সাড়ে ২২ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও অন্তবর্তীকালীন সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। মাত্র সাড়ে চার কোটি টাকায় জোড়াতালি দিয়ে সাউন্ড সিস্টেম চালু করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।

 

এদিকে, জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে বিপত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত ইএম বিভাগ-৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

 

তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে গণপূর্ত ইএম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারীকে।