ইরানের আকাশে ২টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

এনবিসিকে দেওয়া মুঠোফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “না, একেবারেই না। না—এটা যুদ্ধ।”

তিনি স্পষ্ট করে বলেন যে, সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনা একসঙ্গে চলতে পারে।

ট্রাম্প উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন এবং এটিকে ‘জটিল ও সক্রিয়’ বলে অভিহিত করেন। তিনি সংবাদমাধ্যমের কভারেজেরও সমালোচনা করেছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর দক্ষিণে আরো একটি মার্কিন যুদ্ধবিমান (এফ-১৫ই স্ট্রাইক ঈগল) ভূপাতিত করেছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলেছে, এই হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয়েছে।

ইরান আরও দাবি করেছে যে, দ্বিতীয় একটি মার্কিন যুদ্ধবিমান (এ-১০ ওয়ার্থগ)কেও আঘাত করা হয়েছে। দেশটি বিমানের ক্রু সদস্যদের আটক করতে পুরস্কার ঘোষণা করেছে।

জানা গেছে, একজন মার্কিন পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে অন্যজনের অবস্থান এখনও অনিশ্চিত। তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের দাবি পুরোপুরি নিশ্চিত করেনি, তবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ, সিএনএন, আল জাজিরা, রয়টার্স